রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুরের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের এক কিংবদন্তি মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ, রায়ের অপেক্ষায় পরিবার সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলের জীবিকা ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি দিনাজপুর জেলায় এইচএসসিতে পাস ৪৩.৮২%, ছাত্রীরা এগিয়ে! মেঘনায় তামার তার চুরির মামলায় নাসির গ্রেপ্তার গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘ ভোগান্তির অবসানে সোনারগাঁয়ের দত্তপাড়ার ময়লার ভাগাড় অপসারণ চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাশের হার ৫২%, জিপিএ-৫ অর্ধেকের বেশি কমেছে

মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ, রায়ের অপেক্ষায় পরিবার

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬



মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ, রায়ের অপেক্ষায় পরিবার

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে ১১ বছর বয়সী বুদ্ধি ও বাক্‌প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২ নভেম্বর ২০২৬ তারিখে রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। এদিকে রায় সামনে রেখে আসামিপক্ষের বিরুদ্ধে বাদীপক্ষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে আসামির মানসিক অসুস্থতার পুরোনো কিছু কাগজপত্র আদালতে উপস্থাপনের প্রস্তুতি নিয়ে এলাকায় আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকায় নিজ বাড়িতে ১১ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার মৃত সিরাজ বেপারীর ছেলে সুমন বেপারীর (৩০) বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর পিরোজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তে সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ভিকটিমের নমুনার সঙ্গে আসামির ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া গেছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

বাদীপক্ষের অভিযোগ, রায় ঘোষণার আগে আসামিপক্ষ পুরোনো তারিখের কয়েকটি মানসিক সমস্যাসংক্রান্ত কাগজপত্র একত্র করে আদালতে উপস্থাপনের চেষ্টা করছে। এর মাধ্যমে আসামিকে মানসিক অসুস্থ হিসেবে উপস্থাপন করে সাজা কমানোর সুযোগ তৈরির চেষ্টা হতে পারে বলে তাঁদের আশঙ্কা। তবে এসব কাগজের চিকিৎসাগত সত্যতা সম্পর্কে বাদীপক্ষ নিশ্চিত নয়।

অন্যদিকে স্থানীয় নারী-পুরুষের দাবি, অভিযুক্ত ব্যক্তির মানসিক অসুস্থতার বিষয়টি তাঁদের জানা নেই। এলাকাবাসীর বক্তব্য, অতীতে এক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই মেয়ের স্বজনদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁর হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া গাছ থেকে পড়ে তাঁর পায়ে আঘাত লাগে। এসব শারীরিক সমস্যার সঙ্গে মানসিক অসুস্থতার কোনো সম্পর্ক রয়েছে বলে তাঁরা মনে করেন না।

এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাঁদের প্রত্যাশা, কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে আদালত সব সাক্ষ্য-প্রমাণ ও চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করবেন। পাশাপাশি বাদীপক্ষের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে অভিযুক্ত সুমন বেপারীর স্বজনদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews