হোটেল শ্রমিকনেতা বাদশা মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত !
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং- ২০৩৭) উদ্যোগে প্রখ্যাত হোটেল শ্রমিকনেতা বাদশা মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় দেশব্যাপী পালনের অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন ২০২৬, মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ শিশুকল্যাণ একাডেমির মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। ’দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি জিন্নাত কাজী খালেক (আঃ খালেক)। সভায় বক্তারা হোটেল শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ঢাকা মহানগরী হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য বাদশা মিয়ার সংগ্রামী জীবনের শিক্ষা ও আদর্শকে বুকে ধারণ করে শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভা থেকে শ্রমিকদের অধিকার রক্ষায় ৫টি জরুরি দাবি উত্থাপন করা হয়: গেজেট বাস্তবায়ন: হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়নে সব ধরনের টালবাহানা বন্ধ করে অবিলম্বে দেশব্যাপী দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। শ্রম আইনের বাস্তবায়ন: শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদানসহ আইনের পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। নির্যাতন বন্ধ: শ্রমিকদের ওপর হামলা-মামলাসহ সকল ধরনের ছাঁটাই ও নির্যাতন বন্ধে রুখে দাঁড়াতে হবে। রেশনিং ব্যবস্থা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিদ্যুৎসহ সকল জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং স্বল্পমূল্যে রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে। শ্রমিক আন্দোলন: বাংলাদেশকে সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধে সম্পৃক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং মজুরি দাসত্ব উচ্ছেদের লক্ষ্যে শ্রমিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সভায় বক্তারা সততা, সাহস ও নিষ্ঠার সাথে শ্রমিক শ্রেণির নেতৃত্ব গড়ে তোলার এবং সকল প্রকার সুবিধাবাদী ও অসৎ নেতৃত্ব বর্জন করার জন্য সাধারণ শ্রমিকদের প্রতি আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা খলিলুর রহমান, মোহাম্মদ ইয়াসিন, প্রকাশ দত্ত, শাহজাহান কবির, আক্তারুজ্জামান খান, আব্দুল রহিম, রাজু আহমেদ, কুদ্দুস, তাজুল ইসলাম এবং রহমত আলী। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।