
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই নিহত ১
এমদাদুল হক,গাজীপুর
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় একটি কভার ভ্যানের চাপায় জাহানারা বেগম (৭২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে আনোয়ার ইস্পাতের গেটের সামনে গাজীপুরগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামের মৃত আব্দুল গফ্ফুর মেয়ে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকার পাগলীর মায়ের মাজার, কাজীবাড়ি এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহানারা বেগম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী দ্রুতগতির একটি কভার ভ্যান ( ঢাকা মেট্রো-অ-১৩-০৩২৯) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কভার ভ্যানের চালক মোহাম্মদ বেলাল (৪৯)-কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন । আটক চালক বরিশাল জেলার উজিরপুর থানার দক্ষিণ মোরাকাটি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. বেলাল (৪৯) বর্তমানে চালক ও কভার ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, নিহত জাহানারা বেগম ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করতেন এবং প্রতিদিনের মতো সেদিনও সেখানে অবস্থান করছিলেন।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কভার ভ্যান
ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।