
নাইজারের ক্ষমতাসীন জান্তা এর আগে বলেছে যে, ‘রাশিয়ান অংশীদাররা’ রাজধানীতে বিরল হামলা প্রতিহত করতে সাহায্য করেছে। ওই হামলায় ২০ জন আক্রমণকারী নিহত এবং চারজন সেনা আহত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আফ্রিকান কোর এবং নাইজারের সশস্ত্র বাহিনীর যৌথ প্রচেষ্টার মাধ্যমে আক্রমণ প্রতিহত করা হয়েছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘মস্কো এই সর্বশেষ চরমপন্থী হামলার তীব্র নিন্দা জানায়।’ নাইজারের জান্তা বেনিন, ফ্রান্স এবং আইভরি কোস্টকে বিমানবন্দরে হামলায় পৃষ্ঠপোষকতার জন্য অভিযুক্ত করেছে, যেখানে একটি সামরিক ঘাঁটিও রয়েছে।
নাইজারের সামরিক প্রধান, আবদুরাহমানে তিয়ানি, বিমানবন্দর রক্ষায় রাশিয়ান বাহিনীর উচ্চ স্তরের পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে নিয়ামে রাশিয়ান সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন বলেও জানা গেছে। ইউক্রেনে যুদ্ধের পর পশ্চিমা বিশ্বে বিচ্ছিন্নতার মুখে পড়ায়, মস্কো আফ্রিকায় নতুন অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক পদক্ষেপ বৃদ্ধি করছে।
সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।