রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য দিনাজপুরে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাগরে ভাসানোর আগেই পাচারকারীদের  ছক বানচাল,টেকনাফে উদ্ধার  ৮ আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে সুরক্ষা নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন সংকটে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প, আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে সম্ভাবনা রাজশাহী মহনপুরে নারী হত্যাকাণ্ড: সন্দেহভাজন  আটক ১ জন টেকনাফ  সীমান্তে অস্ত্র – বিস্ফোরকের চালান আটক,তদন্তে  আইনশৃঙ্খলা  বাহিনী, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুলকে চূড়ান্ত সতর্কবার্তা অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জিয়া শিশু-কিশোর সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

টেকনাফ  সীমান্তে অস্ত্র – বিস্ফোরকের চালান আটক,তদন্তে  আইনশৃঙ্খলা  বাহিনী,

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬



টেকনাফ  সীমান্তে অস্ত্র – বিস্ফোরকের চালান আটক,তদন্তে  আইনশৃঙ্খলা  বাহিনী,

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় মোটরসাইকেলে থাকা আরও তিনজন পালিয়ে গেছেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক, ২৫৪টি গুলি, আইইডি তৈরির বিভিন্ন সরঞ্জাম, গানপাউডার ও বিভিন্ন ধরনের বিস্ফোরক। চালানটি কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার রাতে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে বিজিবির ২ ব্যাটালিয়ন। রোববার (২২ নভেম্বর) দুপুরে টেকনাফে ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের তথ্য পেয়ে পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মেরিন ড্রাইভসংলগ্ন একটি কাঁচা সড়ক দিয়ে কয়েকটি অটোরিকশা যাওয়ার সময় সেগুলো থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় দুটি অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সামনে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রয়েছেন।

পরে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা সতর্কতামূলক গুলি ছোড়েন। মোটরসাইকেলটি পাশের একটি ক্ষেতের বেড়া ভেঙে ভেতরে পড়ে গেলেও তিন আরোহী পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে দুটি অটোরিকশা, মোটরসাইকেল ও মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ৯.৯৬ মিলিমিটার ক্যালিবারের ২৫৪টি গুলি, আইইডি তৈরির ১০৩টি স্টিলের ধাতব বস্তু, বৈদ্যুতিক তারের আটটি কয়েল, ২৪টি স্কচটেপ এবং ৫৪টি প্লাস্টিক বিস্ফোরক।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩ কেজি ৭০৯ গ্রাম গানপাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক, ৭০৫ গ্রাম মিহি দানার বিস্ফোরক, ১২ কেজি স্টিলের ছোট বল, ৩ কেজি পেরেক এবং একটি উন্নতমানের টুলবক্স।

এ ঘটনায় আটক দুজন হলেন মোহাম্মদ মেহেদী হাসান (১৯) ও মোহাম্মদ ইব্রাহিম (১৮)। মেহেদীর বাড়ি টেকনাফের নতুন পল্লানপাড়ায় এবং ইব্রাহিমের বাড়ি দক্ষিণ লেঙ্গুরবিলে।

চালানটির উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে চাইলে বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালানটি টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। হাবিরছড়ায় এটি পরিবহনের একটি ধাপ হতে পারে। তবে এর চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা নির্দিষ্ট সংগঠনের কাছে নেওয়া হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি আরও বড় কোনো চালানের অংশ কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর আরও তথ্য পাওয়া যেতে পারে।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল কাজ করছে। এ ঘটনায় পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত চলছে। বিদেশি পিস্তলটি কোন দেশের বা কোন প্রতিষ্ঠানের তৈরি, তা-ও এখনো শনাক্ত করা যায়নি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও জব্দ করা যানবাহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews