
মেঘনায় চার ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা মাত্র দুজন, জনবল সংকটে ব্যাহত নাগরিক সেবা, দুই কর্মকর্তাকে সামলাতে হচ্ছে চার অফিসের দায়িত্ব, ভোগান্তিতে সাধারণ মানুষ; নিয়োগ কার্যক্রম চালুর দাবি
মোহাম্মদ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)
কুমিল্লার মেঘনা উপজেলায় চারটি ইউনিয়ন ভূমি অফিস পরিচালনার দায়িত্বে রয়েছেন মাত্র দুজন ভূমি সহকারী কর্মকর্তা। প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
উপজেলার চারটি ইউনিয়ন ভূমি অফিস হলো—বড়কান্দা, সোনারচর, রাধানগর ও চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিস। এসব অফিসের দায়িত্ব পালন করছেন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম ও পিন্টু দাস। মাত্র দুজন কর্মকর্তাকে চারটি অফিসের দায়িত্ব সামলাতে হচ্ছে। পাশাপাশি অন্যান্য পদেও রয়েছে জনবল সংকট।
এমন পরিস্থিতিতে ভূমি উন্নয়ন কর প্রদান, খাজনা পরিশোধ, নামজারিসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় সেবা পেতে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের। এতে তাঁদের সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে।
জনবল সংকটের বিষয়টি স্বীকার করে ভূমি সহকারী কর্মকর্তা পিন্টু দাস বলেন, “আপনার প্রতিবেদনে যদি জনবল সংকট দূর হয়, তবে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ থাকব। কারণ প্রতিদিন দুটি অফিসের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। এ সংকটের অন্যতম মূল কারণ হলো, নতুন জনবল নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।”
সংশ্লিষ্টদের মতে, চারটি ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষের ভূমিসংক্রান্ত সেবা নিশ্চিত করতে বর্তমান জনবল পর্যাপ্ত নয়। দ্রুত প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে।
এ অবস্থায় মেঘনা উপজেলার চারটি ইউনিয়ন ভূমি অফিসে পর্যাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের সংকট নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল ও সেবাপ্রত্যাশীরা।
জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে দ্রুত জনবল নিয়োগ কার্যক্রম চালু, শূন্য পদ পূরণ এবং চারটি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম স্বাভাবিক করার দাবি উঠেছে।