শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পর্যাপ্ত লোকবল সংকটে ভূগছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল কালীগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার ভূমি দস্যু গংদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ব্যবসায়ী কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, সংবর্ধিত ৪ গুনীজন, চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী

পর্যাপ্ত লোকবল সংকটে ভূগছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬



পর্যাপ্ত লোকবল সংকটে ভূগছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ 

নামে ২৫০ শয্যার হাসপাতাল হলেও বাস্তবে জনবল ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে ১০০ শয্যার। প্রতিদিন প্রায় হাজার মানুষ চিকিৎসা নিতে এলেও প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল কম। ফলে সেবা বঞ্চিত ও উপেক্ষিত রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। হাওরাঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল হচ্ছে এই হাসপাতালটি। যেখানে ৭৪টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৩ জন।

২৬৩টি নার্স পদের মধ্যে কর্মরত ১৯৩ জন। আর মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য ১৩৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ৮৮ জন। অনেক বিভাগেই প্রয়োজনীয় সংখ্যক সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসার নেই। লোকবলের সীমাহীন অভাবের মধ্যে থাকাবস্থায় ইতিমধ্যে পাঁচ চিকিৎসককে সুনামগঞ্জ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। অথচ সেখানে এখনো হাসপাতাল কার্যক্রম চালু হয়নি।

এতে সদর হাসপাতালের চিকিৎসক সংকট আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রোগীদের অভিযোগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসকের দেখা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সময়মতো চিকিৎসা না পেয়ে অনেকে ফিরে যান। আবার কেউ বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে চিকিৎসা নেন। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের বাড়তি অর্থ ব্যয় হচ্ছে। হাসপাতালে রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটও।

২৫০ শয্যার হাসপাতাল হলেও যন্ত্রপাতি এখনো ১০০ শয্যার হিসাবেই রয়ে গেছে। ফলে রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। এদিকে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ১০ শয্যার আইসিইউ ইউনিটও পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। দুই দফা উদ্বোধন হলেও এখনো কার্যকরভাবে সেবা দিতে পারছে না ইউনিটটি। ফলে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য সিলেটসহ অন্যান্য হাসপাতালে পাঠাতে হচ্ছে। এর চেয়েও আশঙ্কার খবর দেড় বছর ধরে অকেজো পড়ে আছে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স।

ফলে জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। গুরুতর রোগীকে দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলেও সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় অনেককে বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে বাড়ছে দুর্ভোগের পাশাপাশি চিকিৎসা ব্যয়ও। হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী হাসান চৌধুরী বলেন, জরুরি রোগী নিয়ে হাসপাতালে আসার পর আবার অন্য হাসপাতালে নিতে হলে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। সরকারি অ্যাম্বুলেন্সটি যদি সচল থাকত, তাহলে আমাদের অনেক সুবিধা হতো।

এখন বাড়তি টাকা খরচ হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার মইনপুর গ্রামের আতাউর রহমান বলেন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষার পর ডাক্তার দেখিয়েছি। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক। কিন্তু চিকিৎসক ও প্রয়োজনীয় ব্যবস্থা কম। সময়মতো সেবা না পেলে বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয়। এতে খরচও বেড়ে যায়। তাই সরকারের উচিত এদিকে নজর দেয়া।

সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, জেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার প্রধান আশ্রয় এই হাসপাতাল। তাই ২৫০ শয্যার হাসপাতালের উপযোগী জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি আইসিইউ ইউনিট দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য আমি মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছি। একই সঙ্গে দীর্ঘদিনের শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য সংসদ অধিবেশনে কথাও বলেছি।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ বলেন, অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও সীমিত জনবল নিয়েও সাধ্য মতো সেবা নিশ্চিত করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে জনবল সংকটের বিষয়ে অবগত করা হয়েছে। আশাকরি দ্রুত সমস্যার
সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews