
ভাড়াশিমলাকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মাহবুবর রহমান
মামুন বিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পরিবর্তনের হাওয়া নিয়ে প্রার্থী হিসেবে লড়ছেন এলাকার জনপ্রিয় মুখ মোঃ মাহবুবর রহমান মালেক। ইতিপূর্বে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থেকেছেন এবং যেকোনো অন্যায় ও অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সবসময় আপসহীন ভূমিকা পালন করেছেন।
নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে এলাকার সাধারণ ভোটারদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিগত দিনে যেমন সাধারণ মানুষ হিসেবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তিনি কখনো কোনো সাধারণ মানুষের বিন্দুমাত্র ক্ষতি করেননি। সে কারণে সততা ও নিষ্ঠার সাথে জনসেবা করার জন্য এলাকাবাসী এবার তাঁকে আরও বড় পরিসরে ইউনিয়নের সেবা করার সুযোগ দিতে প্রস্তুত।
জনগণের এই ভালোবাসাকে পুঁজি করে মোঃ মাহবুবর ইসলাম মালেক বিজয়ী হলে ৫ নম্বর ভাড়াশিমলা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত মাদক মুক্ত, এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করেছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পেয়েছে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার মান উন্নয়ন এবং মাঠের সংকট দূর করার পাশাপাশি যুবসমাজকে বিভিন্নমুখী কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা।তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন এলাকার মাঠে যেয়ে যুব সমাজের হাতে ফুটবল তুলে দেন ও ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাস্তাঘাট নির্মাণ ও ইট রাস্তা সংস্কার করেন।
ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত জলবদ্ধতা দূরীকরণে স্থায়ী ও কার্যকরী ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাট সংস্কারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি কঠোরহস্তে রুখে দেওয়া, ভাড়াশিমলা ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং সরকারি প্রতিটি বরাদ্দে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা।
এলাকার প্রবীণ মুরুব্বি, সচেতন যুবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিয়মিত উন্মুক্ত মিটিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত ও অসহায় গরিব মানুষের মাঝে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ভাতার কার্ড বিতরণ করা।
দলীয় প্রীতি বা স্বজনপ্রীতি এড়িয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ইউনিয়নবাসীর দ্বারে দ্বারে ন্যায়বিচার পৌঁছে দেওয়া। এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে মোঃ মাহবুবর রহমান মালেকের দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগনের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।