
সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
আবুল কাশেম রুমন,সিলেট
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে তিনি সিলেট এসে পৌঁছবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত, নাগরিক সংবর্ধনা এবং গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে নিরাপত্তা জোরদারসহ নানা প্রস্তুতি সম্পন্ন করছে প্রশাসন। সফর নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠান শেষে কালই সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
এদিকে রাষ্ট্রপতির সফর সামনে রেখে শনিবার হযরত শাহজালাল (র.) মাজারের প্রস্তুতি পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মাজার এলাকায় সিসিকের চলমান উন্নয়ন ও সংস্কারকাজের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতির মাজার জিয়ারত উপলক্ষে প্রস্তুতির সব কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসীও প্রস্তুত রয়েছে।
সিসিক সূত্র জানায়, হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় ছয়তলা ভবন নির্মাণ, মহিলা ইবাদতখানা, কবরস্থানের বাউন্ডারি ও পুকুর খননসহ বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজের অগ্রগতি ও সার্বিক পরিবেশ পরিদর্শন করে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে। নাগরিক সংবর্ধনার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সভায় রাষ্ট্রপতির নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান গুলোর নিরাপত্তা, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের পপ্রতিনিধিরা এতে অংশ নেন।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগেও রাষ্ট্রপতির সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সফর নির্বিঘœ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির চলাচলের সম্ভাব্য রুট, মাজার এলাকা, নাগরিক সংবর্ধনাস্থল ও গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত হয়। সব মিলিয়ে রাষ্ট্রপতির সফর ঘিরে নগরীতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি চলছে।
রাষ্ট্রপতির সিলেট আগমণ উপলক্ষে সর্বশেষ প্রস্তুতির ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতি মহোদয়ের সিলেট আগমন উপলক্ষে সকল এজেন্সী ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর মধ্যে সমন্বয় করা হয়েছে। এসএমপির নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোষাকে বিশেষ বাহিনী প্রস্তুত থাকবে। পাশাপাশি র্যাব, বিজিবির একাধিক টীম নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সিলেট নগরীকে একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এসএমপি কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্রপতির সিলেট সফর সুন্দর ও শান্তিপূর্ণ করতে আমরা প্রস্তুত রয়েছি।