শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

কক্সবাজারের৬২ ইউপি নির্বাচনের তফশীল চলতি মাসে,এলাকায় নির্বাচনী আমেজ,

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬



কক্সবাজারের৬২ ইউপি নির্বাচনের তফশীল চলতি মাসে,এলাকায় নির্বাচনী আমেজ,

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরে ছয় বা সাত ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের মধ্য দিয়ে শুরু হচ্ছে নির্বাচন উৎসব। এরপর ধাপে ধাপে স্থানীয় সরকারের বাকি চার প্রতিষ্ঠান পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনাও রয়েছে সংস্থাটির-এমন নির্দেশনা এসেছে জেলা নির্বাচন অফিসে। নির্বাচন কমিশনের নির্দেশনায় জেলার ৭১টি ইউনিয়ন পরিষদের তথ্য হালনাগাদ করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। আগামী ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে বলে জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ জানান – জেলায় ৭১ ইউনিয়ন পরিষদের ২০২১ সালের ২১ জুন ও ২০ সেপ্টেম্বর তিন দফায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে কক্সবাজার সদরের পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন এবং রামু উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে দুইটি ইউনিয়ন প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশন অধিকৃত এলাকা হিসাবে চিহ্নিত করে জেলা প্রশাসন মৌজা তালিকা প্রকাশ করে। ফলে রামু এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা নাও হতে পারে। এছাড়া পেকুয়া উপজেলার ১টি, চকরিয়া উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সীমানা সংক্রান্ত জটিলতার কারণে তফসিল পিছিয়ে যেতে পারে। জেলার ৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে উক্ত ৯টি ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে ৬২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল চলতি মাসের শেষের দিকে ঘোষণা হতে পারে বলে জানান এ কর্মকর্তা। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ৭১ টি ইউনিয়নের মধ্যে ৬২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই নিশ্চিত।
তিনি জানান – টেকনাফ, উখিয়া এবং রামু উপজেলার কয়েকটি ইউনিয়ন বিভাজনের জন্য আবেদন করেছেন। তবে ইলেকশন কমিশন থেকে আমাদের কাছে বিভাজন সংক্রান্ত চিঠি না আসায় আপাতত আমরা ৬২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে বলতে পারি। তিন দফায় উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: আ: আজিজ বলেন- গত ২ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তরফে ইসিতে পাঠানো চিঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা পেয়ে কমিশন জেলা নির্বাচন কর্মকর্তারদের ইউনিয়ন পরিষদের নির্বাচনের
তথ্যাবলী ছক আকারে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করে। নির্বাচন কমিশনের নির্দেশনা পেয়ে জেলা নির্বাচন অফিস ইসিতে যে তথ্যগুলো প্রেরণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো – সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ, সেই নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল তাদের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ, প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার তারিখ, সর্বশেষ নির্বাচন তারিখ হতে পাঁচ বছর পুরনো হওয়ার পূর্বে ১৮০ দিন শুরু ও শেষ হওয়ার তারিখ, ইউনিয়নের সীমানা, ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনঃবিন্যাস ও মামলা সংক্রান্ত তথ্য এবং উল্লেখিত ইউনিয়ন পরিষদগুলো নির্বাচন উপযোগী কিনা সকল তথ্য। জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনে পাঠানো উপরোক্ত তথ্য জেলার ৭১টি ইউনিয়ন পরিষদের তিন ধাপে নির্বাচনের সময়সূচী সংক্রান্ত চূড়ান্ত তথ্য বলে জানা গেছে।
আইনে ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের বিধান রয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়সাল জানান- ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটকেন্দ্র গুলো যাচাই-বাছাই এবং হালনাগাদ করতে গেলে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি তা যেন স্থানীয় সরকার পর্যায়ে একটি উৎসবের অপেক্ষা করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের হালনাগাদ তথ্য, বুথের সংখ্যা, কেন্দ্রগুলো নির্বাচন উপযোগী কিনা তা যাচাই-বাছাই করে চকাকারে নির্বাচন কমিশনে ইতিমধ্যে পাঠানো শেষ হয়েছে। জেলা নির্বাচন অফিস স্হানীয় সরকার নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews