
জৈন্তাপুরে বিজিবির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার!
মাসুক আহমদ, জৈন্তাপুর(সিলেট)
সিলেটের জৈন্তাপুরে ১৯ বিজিবির আওতাধীন রাজবাড়ী বিওপির দায়ের করা একটি মামলার প্রতিবাদে জৈন্তাপুর-তামাবিল মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ ও মামলায় অভিযুক্ত কয়েকজন ব্যক্তি।
অবরোধকারীদের দাবি, রাজবাড়ী বিওপির ক্যাম্প কমান্ডার নিজস্ব সোর্সের দেওয়া মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করে তাদেরসহ কয়েকজনকে মামলায় আসামি করেছেন।এর প্রতিবাদেই তারা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
এদিকে,মোকামপুঞ্জি খাসিয়া পল্লীর কয়েকজন খাসিয়া নারী অভিযোগ করে বলেন, তাদের বাগানের পান-সুপারি জৈন্তাপুর বাজারে নিয়ে আসার পথে রাজবাড়ী বিওপির সদস্যরা প্রায়ই সেগুলো আটক করে নিয়ে যান। তাদের আরও অভিযোগ, বিজিবির সোর্স পরিচয় দিয়ে এক-দুইজন ব্যক্তি বিভিন্ন সময় বিজিবির নাম ব্যবহার করে তাদের কাছ থেকে টাকা দাবি ও উত্তোলন করেন। টাকা দিলে কোনো ধরনের ‘ঝামেলায়’ পড়তে হবে না বলেও তাদের জানানো হয় বলে অভিযোগ করেন তারা।
এছাড়াও অবরোধকারিরা ১৯ বিজিবির রাজবাড়ীর ক্যাম্পকমান্ডার কে প্রত্যাহারের দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, নির্দিষ্ট ঘটনার সময় ও অর্থ লেনদেনের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তবে সচেতন মহলের দাবি,উপরোক্ত অভিযোগগুলোর সততা শতভাগ নিরপেক্ষতার ভিত্তিতে যাচাই-বাছাই করে,দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা করা হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নির্দেশনা এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাত ৮টা ৪০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে জৈন্তাপুর-তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।