
খোকসায় ডাকাত চক্রের বিরুদ্ধে রাতভর অভিযান
শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় ডাকাত চক্রের বিরুদ্ধে গত রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার চর বিহাড়ীয়া, নাগড়পাড়া বিহাড়ীয়াসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় একদল তরুণও রাতভর জেগে থেকে পুলিশকে সহযোগিতা করেন।
অভিযানের একপর্যায়ে শনিবার ভোরে আরও দুজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক দুজনের একজনের বাড়ি নটাভাঙ্গা এলাকায় এবং অপরজনের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার পীরলী পাড়া এলাকায়।
এদিকে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাব্বি নামে এক ব্যক্তি বড় অস্ত্রসহ গত রাতেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বাড়ি বহলাডাঙ্গা এলাকায় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি পুলিশি তদন্ত ও যাচাইসাপেক্ষ।
ডাকাত চক্রের সদস্যদের ধরতে অভিযান এখনো অব্যাহত রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, অভিযানের মাধ্যমে চক্রের সঙ্গে জড়িত আরও সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে রাতভর ঝুঁকি নিয়ে পুলিশকে সহযোগিতা করায় চর বিহাড়ীয়া ও নাগড়পাড়া বিহাড়ীয়া এলাকার তরুণদের প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের মতে, অপরাধ প্রতিরোধে স্থানীয় যুবসমাজের এমন দায়িত্বশীল ভূমিকা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতাকারী এসব তরুণকে প্রশাসনের পক্ষ থেকে উৎসাহিত বা পুরস্কৃত করার উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
অভিযান চলমান থাকায় এ ঘটনায় আরও আটকের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।