
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার
আনিসুর রহমান সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ২ জন, বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৩ জন, মাদকসেবী ১৪ জন এবং দস্যুতার ঘটনায় ৪ জনসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতার দুজন হলেন রুপা বেগম (২১) ও মোছাঃ মিনা আক্তার (২৮)। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত মোঃ রুবেল, মোঃ জুবায়ের খন্দকার ও মোঃ সাদ্দামকে গ্রেফতার করা হয়।
দস্যুতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোঃ আমিনুল ইসলাম মানিক (২০), ইমন (১৯), আলামিন হোসেন (সম্রাট) (১৯) এবং মোঃ সাব্বির (২০)কে।
অভিযানকালে মাদক সেবনের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন শামসুজ্জামান (৫৫), জোবায়ের (২০), আনোয়ার কাজী (৪২), বাবু প্রধানিয়া (২৫), আব্দুল্লাহ (৪০), ইমরান (৩০), টিটু (৪০), মোঃ ফাহিম ওরফে হিমেল (২০), মাসুম মোল্লা (৩৮), মোঃ হালিম (৩৫), রায়হান (২৯), নয়ন (২৭), ফারদিন আহাম্মেদ (২৬) ও মাছুম মিয়া (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।