
রংপুরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাৎ ও চাঁদাবাজি: বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী
রংপুরের পীরগাছায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম মতিয়ার রহমান। তিনি পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক।
এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। আজ ২৪শে অক্টোবর (শনিবার) কল্যাণী ইউনিয়নে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় পদ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। এছাড়া সরকারের টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার অসংখ্য গরিব ও দুস্থ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীরা জানান, টাকা দেওয়ার পর দীর্ঘদিন পার হলেও তারা কোনো কার্ড পাননি। উল্টো পাওনা টাকা ফেরত চাইতে গেলে মতিয়ার ও তার লোকজন তাদেরকে নানা রকম হুমকি-ধমকি দিচ্ছে।
বিক্ষোভকারী ও স্থানীয় ব্যক্তিরা বলেন, রাজনীতির নাম ভাঙিয়ে যারা সাধারণ মানুষের ওপর জুলুম করছে এবং গরিবের টাকা আত্মসাৎ করছে, তাদের দলে থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে মতিয়ার রহমানকে দল থেকে বহিষ্কার, আত্মসাৎকৃত টাকা উদ্ধার এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান অভিযোগকারীরা ।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা স্পষ্ট জানান, দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। সুনির্দিষ্ট তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত মতিয়ার রহমানের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বিষয়টি তারা জেনেছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।