
দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার, বিরল ও হরিপুর সীমান্তে রাতভর অভিযান, জব্দ ৭৬ হাজার টাকার ট্যাপেন্টাডল ও সিরাপ
আব্দুস সালাম ,দিনাজপুর
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) রাতব্যাপী বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে।
প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ ভান্ডারা ও কারিগাঁও বিওপি পৃথক পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।
দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় পরিচালিত চোরাচালান বিরোধী এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৫০ বোতল বিক্রয় নিষিদ্ধ ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৬ হাজার ২০০ টাকা। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতে ও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।