শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সশস্ত্র হামলা: মেয়র পদপ্রার্থী নাফিজ আহমেদ রাজু প্রাণে বাঁচলেন!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

খোকসা পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে সশস্ত্র হামলা: মেয়র পদপ্রার্থী নাফিজ আহমেদ রাজু প্রাণে বাঁচলেন!

দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা (কুষ্টিয়া)

আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নাফিজ আহমেদ রাজুর ওপর সংঘটিত হয়েছে এক ন্যাক্কারজনক সশস্ত্র হামলা। তিনি খোকসা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত একজন ত্যাগী, নির্যাতিত ও সংগ্রামী রাজনৈতিক নেতা তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভা দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও রাজনৈতিক সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত ছিল। দল-মত নির্বিশেষে এখানকার সাধারণ মানুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। রাজনৈতিক রেষারেষি ও সহিংসতার প্রবণতা ছিল অত্যন্ত সীমিত।

কিন্তু সেই শান্ত পরিবেশে হঠাৎ করেই নেমে আসে সন্ত্রাসের কালো ছায়া। গতকাল পূর্বপরিকল্পিতভাবে খোকসা পৌরসভার সাবেক মেয়র মরহুম আনোয়ার আহাম্মেদ তাতারী খানের পুত্র নাফিজ আহমেদ রাজুর ওপর অতর্কিত হামলা চালায় মুখোশধারী সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলাকারীরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে রাজু প্রাণ বাঁচাতে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার শরীরে না লেগে বাড়ির গেটে আঘাত করে, ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
নাফিজ আহমেদ রাজু বলেন, “হামলাকারীরা মুখোশ পরা ছিল, তাই কাউকে শনাক্ত করতে পারিনি।”
এই ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশে এমন সশস্ত্র হামলা জনমনে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে।

ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি উদ্ঘাটন করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহল দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে খোকসার স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

সচেতন মহলের জোর দাবি দ্রুত তদন্ত, গ্রেফতার ও কঠোর শাস্তির মাধ্যমে খোকসার শান্তিপূর্ণ পরিবেশ পুনরুদ্ধার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews