
১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে স্মারকলিপি পেশ
ফালু মিয়া
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
এর আগে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে এক বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট ও তীব্র লোডশেডিংয়ের কারণে জেলার শিল্পকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং ভূতুড়ে বিল আদায়ের কারণে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা অবিলম্বে জনভোগান্তি লাঘবে এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে ১১ দলীয় জোটের নরসিংদী জেলার মুখ্য সমন্বয়ক জনাব ইব্রাহীম ভূঁইয়া বলেন, “গ্যাস-বিদ্যুতের অভাব ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে আজ আপামর জনগণ দিশেহারা। অবিলম্বে এসব সমস্যার সমাধান না হলে আন্দোলন আরো জোরদার করা হবে।”