
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের স্বাবলম্বী করতে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা জোনে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি।
এ সময় উপকারভোগীদের হাতে নগদ অর্থ, একটি পরিবারকে একটি সেলাই মেশিন, পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়।এছাড়াও চারটি মাদ্রাসায় জিরা এবং একটি চার্জে বাদ্যযন্ত্র প্রদান করা হয়।অনুষ্ঠানে দীঘিনালা জোনের সেনা কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এ ধরনের উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন, দীঘিনালা সেনা জোনের এ মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।