
আন্তর্জাতিক নিউজ ডেস্ক : উত্তর কোরিয়া আজ (শনিবার) একটি বিরল ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় দেশটির নেতা কিম জং উনের কিশোরী কন্যা জু আয়ে রাইফেল হাতে গুলি ছুঁড়ছেন। তাকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে নতুন করে জল্পনা-কল্পনা বেড়েছে।
দীর্ঘদিন ধরেই জু আয়েকে উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হিসেবে ভাবা হচ্ছে। সম্প্রতি তিনি একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও অংশ নেন। এর মধ্যে অন্যতম হল, চলতি সপ্তাহের সামরিক কুচকাওয়াজ। এটিকে দেশটির গুরুত্বপূর্ণ পার্টি কংগ্রেসের সমাপনী অনুষ্ঠান হিসেবে ধরা হয়।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত ছবিতে দেখা যায়, জু আয়ে খোলা আকাশের নিচে শুটিং রেঞ্জে রাইফেল হাতে স্কোপ দিয়ে তাক করছেন।
তার আঙুল ট্রিগারে, আর রাইফেলের মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে।চামড়ার জ্যাকেট পরেছিলেন তিনি । বড় রাজনৈতিক অনুষ্ঠানে কিম জং উন ও তার কন্যাকে প্রায়ই এ পোশাকে দেখা যায়। বিশ্লেষকদের মতে, এটি কর্তৃত্ব ও বৈধতার প্রতীক।
কেসিএনএ আরও জানিয়েছে, কিম জং উন শনিবার শীর্ষ পার্টি ও সেনা কর্মকর্তাদের নতুন স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন। তিনি এটিকে কৃতজ্ঞতা ও ‘পূর্ণ আস্থার’ প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। তবে জু আয়ের কথা উল্লেখ করেননি।পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে শুটিং রেঞ্জে যান, নিজেও রাইফেল চালান এবং একটি দলীয় ছবি তোলেন।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এ মাসে জানিয়েছে, পিয়ংইয়ং ইতোমধ্যেই জু আয়েকে উত্তরসূরি হিসেবে মনোনীত করার প্রক্রিয়া শুরু করেছে।সিউলের উত্তর কোরিয়া স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মু-জিন এএফপিকে বলেন, ছবিতে জু আয়েকে অস্ত্র চালাতে দেখা যাওয়ায় বিষয়টিতে স্পষ্ট হয় যে তাকে উত্তরসূরি হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।কেসিএনএ জানিয়েছে, কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং পার্টির সাধারণ কার্যক্রম বিভাগ পরিচালনা করবেন। বিশ্লেষকদের মতে, এ পদটি কার্যত পার্টির মহাসচিবের সমতুল্য।
কিম পরিবার কয়েক দশক ধরে উত্তর কোরিয়াকে কঠোরভাবে শাসন করছে। দেশটিতে তাদের ক্ষমতাকে ঘিরে ‘পেক্তু রক্তধারা’ নামে স্থানীয় একটি ধারণা বহুল প্রচারিত। এর মাধ্যমে কিম পরিবারের শাসনকে বৈধ ও ঐতিহাসিক বলে তুলে ধরা হয়।রাষ্ট্রীয় প্রচারণা ও ব্যক্তিপূজার সংস্কৃতির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এটির স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়।
সূত্র: সিউল থেকে এএফপি এ খবর জানিয়েছে।