1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে নিজ বাসায় হাত–পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার আংগারিয়া নোমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিরামপুরে কলতা জগদানন্দ সেবাআশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন চৌদ্দগ্রামে খাটরা গ্রামবাসীর সম্মানে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল  একুশে বইমেলায় প্রকাশিত হলো মহসিন দিনুর ‘হাউ টু সেল ইয়োর ইনভেস্টিগেশন’ স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতা / বসন্তের অচেনা ডাক / আসাদুজ্জামান খান মুকুল  সিরাজগঞ্জে  রমজান উপলক্ষ্যে তিন শতাধিক  পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী  টোল বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা: নগরকুমারী হাটে মানববন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

কাল থেকে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষেধ করেছে সরকার ।

আজ শনিবার দিনগত রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে। এ সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী অভয়াশ্রম এলাকা ঘোষণা করা হয়েছে।

এসব এলাকার প্রায় ৪৭ হাজার নিবন্ধিত জেলে নদীতে মাছ আহরণ থেকে বিরত থাকবে। আর বেকার হয়ে পড়া এসব জেলের মধ্যে ৩৯ হাজার ৪০০ জেলেকে মাছ ধরা থেকে বিরত থাকতে  দেয়া হবে ভিজিএফের চাল। এই জেলেরা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ মাস ৪০ কেজি করে ১২০ কেজি চাল পাবে। সরেজমিন সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মেঘনা উপকূলীয় জেলে পল্লী এলাকায় বেশ কয়েকজন জেলের সঙ্গে কথা হয়। তাদের মধ্যে জেলে আলমগীর হোসেন বলেন, নিষেধাজ্ঞার সময় তারা জাল ও নৌকা ডাঙায় উঠিয়ে রাখেন। কিন্তু তাদের যে খাদ্য সহায়তা দেয়া হয় এতে সংসার চালাতে কষ্ট হয় তাদের।

একই এলাকার জেলে আলী আক্কাছ মাঝি ও ইয়াকুব আলী মাঝি বলেন, মাছ আহরণ করে আমাদের জীবীকা নির্বাহ হয়। অবসর সময়ে বরাদ্দকৃত খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা প্রয়োজন। কারণ শুধু চাল দিয়ে  সংসার চলেনা। সন্তানদের পড়া লেখা ও ঋণের কিস্তি নিয়ে আমাদের বিপাকে পড়তে হয়। তাই সরকার জীবন জীবিকার জন্য অন্য বিষয় গুলো বিবেচনায় নিলে ভালো হতো।

জেলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জাটকা সংরক্ষণে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করবে জেলা ও উপজেলা টাস্কফোর্স। আইন অমান্য করে জাটকা ধরা হলে তাদের বিরুদ্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা ধরা বন্ধে নৌ পুলিশ সক্রিয় থাকবে। নৌ সীমানার মধ্যে যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে নেমে জাটকা নিধন করে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়, যার মধ্যে জাটকা সংরক্ষণ অন্যতম। জাতীয় স্বার্থে অংশীজনদের আরো তৎপর হতে হবে। তিনি জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, জাটকা সংরক্ষণে সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ আজকের জাটকা আগামী দিনের ইলিশ। জাটকা সংরক্ষণ হলে এর সুফল জেলেসহ দেশের সকলেই পাবে।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট