
অনুসন্ধানী সাংবাদিকতার দর্শন ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা নতুন বই ‘হাউ টু সেল ইয়োর ইনভেস্টিগেশন’ প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলায়। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেলার ১৩ নম্বর স্টলে বইটি আনুষ্ঠানিকভাবে পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়।
বইটির লেখক মহসিন দিনু অনুসন্ধানী সাংবাদিকতাকে কেবল তথ্য সংগ্রহের প্রক্রিয়া হিসেবে দেখেন না; তাঁর ভাষায়, এটি একটি পরিকল্পিত শিল্প। তিনি মনে করেন, অনুসন্ধানে ব্যয় কোনো অপচয় নয়, বরং এটি সত্য উদঘাটনের জন্য বুদ্ধিদীপ্ত বিনিয়োগ। তাঁর লেখায় উঠে এসেছে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা।লেখক জানান, তিনি সুস্থ চিন্তা ও মানবিক চেতনায় বিশ্বাসী। ব্যক্তিগত আবেগকে তিনি নিজের শক্তি বললেও স্বীকার করেন, সেটিই কখনও কখনও দুর্বলতায় পরিণত হয়। সখের বশে নয়, দেশ ও মানুষের স্বার্থেই তাঁর সাংবাদিকতা। পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাঁকে এই পথে এনেছে বলে উল্লেখ করেন তিনি।
বইটিতে অনুসন্ধানী প্রতিবেদনকে কীভাবে পরিকল্পিতভাবে উপস্থাপন ও পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আগ্রহী পাঠক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের জন্য বইটি সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন লেখক।
অমর একুশে বইমেলায় আগ্রহীরা ১৩ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।