
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও ভোট চেয়ে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় পথসভা ও গণ সংযোগস্থল গুলোতে এলাকার হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ধানের শীষ প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী এম.জহির উদ্দিন স্বপন এর নাম উল্লেখ করে নানা প্রকার স্লোগান দিয়ে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সাম্প্রদায়ের নারী-পুরুষগণ গণসংযোগ স্থল গুলোকে মুখরিত করে রাখেন।
ওইদিন সকাল সাড়ে ১০টায় তিনি গৌরনদী উপজেলার বেজগাতি সুইজ হাসপাতাল এলাকা থেকে থেকে গণ সংযোগ শুরু করেন। এরপর সকাল ১১টায় তিনি ওই ইউনিয়নের কটকস্থল বাসস্ট্যান্ডে গণসংযোগ করেন। এরপর বেজগাতি গ্রামের মরহুম বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্যাদার কবর জিয়ারত করেন। এ সময় শোকাহত তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে সান্তনা দেন। সকাল সাড়ে ১১টায় তিনি চারঘাটা ঈদগাহ ময়দানে পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দুপুর ১২টায় তিনি ওই ইউনিয়নের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায় অধ্যুষিত আনন্দপুর গ্রামে গণসংযোগ করেন। এরপর দুপুর ১২টায় তিনি আনন্দপুর ব্যাপ্টিস্ট চার্চে জড়ো হওয়া সংখ্যালঘু খ্রিষ্টান, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের অসংখ্য নারী পুরুষের সমাবেশে বক্তব্য রাখেন, দুপুর ১টায় তিনি ওই ইউনিয়নের দক্ষিণ বাউর গাতি গ্রামে জড়ো হওয়া নারীদের সমাবেশে বক্তব্য রাখেন। এরপর
দুপুর দেড়টায় ওই ইউনিয়নের বিএনপি বাজারে গণসংযোগ করেন, দুপুর দুই টায় তিনি ওই ইউনিয়নের বাগমারা মাদ্রাসার সামনে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শরীফ শহাবুব হাসান, গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শরিফ জাকির হোসেন, সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের নেতা সুধাংশু বোস, সুবল মিত্র, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামীম খলিফা বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ তারিকুল ইসলাম কাফি প্রমূখ।
গণসংযোগ ও পথসভা গুলোতে নারী-পুরুষের ঢল নামে। এ সময় গণসংযোগ ও পথসভা গুলো জন সমাবেশে রূপ নেয়। সবচাইতে আকর্ষণীয় সমাবেশ হয় আনন্দপুর ব্যাপটিস্ট চার্চে অনুষ্ঠিত খ্রিস্টান, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত সমাবেশে। ওই সমাবেশে উপস্থিত তিন সম্প্রদায়ের নারী-পুরুষ একত্রে এম. জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার জন্য সমস্বরে মুহু, মহু স্লোগান দেয়। এ সময় সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃশ্য গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে।
এ সময় তিন সম্প্রদায়ের জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, অসহায় অভিভাবকহীন এই জাতিকে উদ্ধার করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার দেশনায়ক তারেক রহমান আমাদের সামনে হাজির হয়েছেন। তিনি তিনি দীর্ঘদিন প্রবাসে থাকতে বাধ্য হয়েছেন। কোটি জনতার ভালোবাসায় সিক্ত হয়ে তিনি দেশে ফিরেছেন। বিমানবন্দরে পৌঁছে তিনি ঘোষণা দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান। তিনি বাঁকা পথে ক্ষমতায় যেতে চান না। রাষ্ট্রের মালিক জনগণ। সেই জনগণই যদি চায় তাহলেই তিনি কেবল রাষ্ট্রের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। তিনি যে পরিকল্পনার কথা বলেছেন সেই পরিকল্পনা জনগণের কল্যাণে বাস্তবায়নের জন্য তিনি কাজ করবেন।