বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ ! সিবিআই ঢাকা জেলা কর্তৃক দেড় বছর পর আশুলিয়ার চাঞ্চল্যকর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, ! ভারত সরকারের মন্ত্রীর মর্যাদা পাবেন বাংলাদেশের হাইকমিশনার ! নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ ! জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ! একই টালে গ্রীষ্মের সবজি, শীতে আগাম সিম—লাভের পথে কালীগঞ্জের কৃষক ! ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্র্যাচুইটির টাকা আত্মসাতের অভিযোগ ! কালীগঞ্জে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮ ! কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার ! দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্মী সুজন চাকমা নিহত !

কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌ যোগাযোগের নতুন দিগন্ত !

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগব্যবস্থায় যুক্ত হলো নতুন মাত্রা। পেকুয়ার মগনামা ঘাট থেকে কুতুবদিয়া নৌ রুটে আধুনিক ও নিরাপদ সি-ট্রাক চালুর মাধ্যমে দ্বীপটিতে নৌ যোগাযোগের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এতে যাত্রী চলাচলের পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে মগনামা–কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে দ্বীপবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা কুতুবদিয়া উপজেলার আয়তন প্রায় ২১৬ বর্গকিলোমিটার। প্রায় দুই লাখ মানুষের বসবাস এই দ্বীপে। দীর্ঘদিন ধরে কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল কাঠের নৌকা, ট্রলার, ড্যানিশ বোট ও স্পিডবোট।

পেকুয়ার মগনামা ঘাটই বড়ঘোপ ও দরবার ঘাটসহ কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের প্রধান যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ উত্তাল কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে দ্বীপের বাসিন্দাদের পাশাপাশি সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও পর্যটকরা যাতায়াত করেন। তবে সাগর উত্তাল থাকলে, বিশেষ করে বর্ষা মৌসুমে, এই নৌপথ হয়ে উঠত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে প্রায়ই ভোগান্তিতে পড়তেন যাত্রীরা। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে মগনামা- কুতুবদিয়া রুটে নিরাপদ ও আধুনিক নৌযান চালুর দাবি জানিয়ে আসছিলেন দ্বীপবাসী। সি-ট্রাক চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, এতে সময় ও ঝুঁকি দুটোই কমবে। পাশাপাশি তারা এই রুটে ফেরি চালুর দাবিও জানান।

উদ্বোধন শেষে নৌপরিবহন উপদেষ্টা সি-ট্রাকে করে মগনামা ঘাট থেকে কুতুবদিয়ায় যান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, খুব শিগগির মগনামা ঘাট থেকে কুতুবদিয়ায় ফেরি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এ ছাড়া ঘাটকেন্দ্রিক কোনো ধরনের রাজনীতি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তাও দেন তিনি। দুই শত যাত্রী ধারণক্ষমতার এই সি-ট্রাকটি প্রতিদিন পেকুয়ার মগনামা ঘাট থেকে সকাল ৯টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় কুতুবদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে কুতুবদিয়া থেকে মগনামা ঘাটের উদ্দেশে সি-ট্রাক ছাড়বে প্রতিদিন সকাল সাড়ে ৭টা, দুপুর ১২টা ও বিকেল ৫টায়। যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

সি-ট্রাক চালুর মাধ্যমে কুতুবদিয়ার যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews