
নীলফামারীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত
যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ
হাবিবুর রহমান হাবিব,নীলফামারী
‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’—এই প্রত্যয়কে সামনে রেখে নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর, নীলফামারীর উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পৌর প্রশাসক মোঃ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ প্রজন্ম। এই বিপুল জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ ও যুগোপযোগী করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুবসমাজকে আধুনিক প্রযুক্তি, কারিগরি শিক্ষা ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের মেধা, শ্রম ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। এতে ব্যক্তিগত স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ বলেন, যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। তরুণদের মেধা, শ্রম, সাহস ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ, উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শুধু কর্মপ্রত্যাশী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি দক্ষতা অর্জনের সঙ্গে নৈতিকতা, সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ ধারণ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুবসমাজের সম্ভাবনা, বেকারত্বের চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণকারী যুবক-যুবতী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬-এর কর্মসূচি শেষ হয়।
আয়োজনে: যুব উন্নয়ন অধিদপ্তর, নীলফামারী।