
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর !
নোয়াখালীর চাটখিলে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ব্যাংকের সুনাম ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ মে) চাটখিল পৌর বাজারের মাদ্রাসা মার্কেটের সামনে ‘ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক সমন্বয় ঐক্য পরিষদ’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সাধারণ গ্রাহকদের একটি প্রতিনিধি দল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চাটখিল শাখা ম্যানেজারের (ব্যবস্থাপক) কার্যালয়ে গিয়ে শাখা ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনের হাতে দুটি পৃথক স্মারকলিপি হস্তান্তর করেন। এর মধ্যে একটি স্মারকলিপি চাটখিল শাখা ব্যবস্থাপকের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর এবং অপরটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশে পেশ করা হয়। মানববন্ধনে চাটখিলের স্থানীয় ব্যবসায়ী, সচেতন গ্রাহক এবং বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আবুল কালাম নামের একজন প্রবাসী গ্রাহক। তিনি তাঁর বক্তব্যে প্রবাসীদের ক্ষোভ ও উদ্বেগের কথা তুলে ধরে বলেন, “আমরা প্রবাসীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বৈধ পথে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাই। দেশের অর্থনীতি সচল রাখতে আমাদের এই কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা রাখি। কিন্তু ইদানীং ব্যাংকটিকে নিয়ে যে ধরনের অনিয়ম ও চক্রান্তের খবর শোনা যাচ্ছে, তাতে আমরা চরম দুশ্চিন্তায় আছি। আমাদের আমানতের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। যদি ব্যাংকিং খাতের এই অস্থিতিশীলতা ও লুটপাট বন্ধ না হয়, তবে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠানো বন্ধ করতে বাধ্য হবে।” আস্থার সংকট দূরীকরণ: সুপরিকল্পিত অপপ্রচার বন্ধ করে ব্যাংকের ঐতিহ্যবাহী সুনাম পুনরুদ্ধার করা এবং গ্রাহকদের মনে বিরাজমান আতঙ্ক ও অস্থিতিশীলতা দূর করা। অনিয়ম ও লুণ্ঠন বন্ধ করা: বেনামী ঋণ বিতরণ, লুণ্ঠন এবং অবৈধ উপায়ে ব্যাংকের আমানত পাচারের যে অপচেষ্টা চলছে, তা অবিলম্বে বন্ধ করা। আমানতের নিরাপত্তা: ব্যাংকের লাখ লাখ সাধারণ ও প্রবাসী গ্রাহকের কষ্টার্জিত আমানতের পূর্ণ রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করা। যারা জালিয়াতি ও অপপ্রচারের মাধ্যমে ব্যাংকটিকে দেউলিয়া করার চক্রান্ত করছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা। স্মারকলিপি গ্রহণ করে চাটখিল শাখার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন গ্রাহকদের আশ্বস্ত করেন যে, তাঁদের এই দাবি ও স্মারকলিপিটি অত্যন্ত গুরুত্ব সহকারে দ্রুততম সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। স্মারকলিপি প্রদানকালে ‘ইসলামী ব্যাংক সমন্বয় ঐক্য পরিষদ’-এর স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ গ্রাহক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।