
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্য, বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার
তরিকুল ইসলাম,
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে একের পর এক স্বীকৃতি ও পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে নতুন করে পরিচিতি পাচ্ছে বাংলাদেশের সিনেমা। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্রের অংশগ্রহণ এবং সাফল্য দেশের চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘শঙ্কটা দুলছে’ (The Blind Girl and an Elephant)। নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের এই চলচ্চিত্রটি ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের International Critics’ Week বিভাগে বিশেষ সম্মাননা (Special Mention) অর্জন করেছে। ১১ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত এই উৎসবে বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে।
বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে তিন তরুণীর জীবন, আকাঙ্ক্ষা, স্বাধীনতা ও সামাজিক প্রতিবন্ধকতা চলচ্চিত্রটির মূল বিষয়। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং নারীর স্বাধীনতার প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি বাংলাদেশের সমাজবাস্তবতার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।
এর আগে ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Asian New Talent প্রতিযোগিতা বিভাগে সেরা চিত্রগ্রহণের জন্য Golden Goblet Award অর্জন করে চলচ্চিত্রটি। রাশিয়া ও আয়ারল্যান্ডের চলচ্চিত্র উৎসবেও এটি স্বীকৃতি পেয়েছে।
অন্যদিকে, স্পেনের বার্সেলোনা এশিয়ান চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের দুটি চলচ্চিত্র আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। নভেম্বর মাসে অনুষ্ঠিত উৎসবটিতে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। একই উৎসবের Other Narrative বিভাগে বিশেষ সম্মাননা পেয়েছে মোহাম্মদ তৌকীর ইসলামের ‘দেলুপি’।
‘রইদ’ চলচ্চিত্রে গ্রামীণ জীবনের একজন কৃষক ও তাঁর স্ত্রীর জটিল সম্পর্কের মধ্য দিয়ে মানুষের আবেগ, বিচ্ছিন্নতা এবং সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবেও নির্বাচিত হয়েছে।
অন্যদিকে, ‘দেলুপি’ বাংলাদেশের খুলনা অঞ্চলে বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে নির্মিত।