
মেঘনায় জামায়াতের নবনির্বাচিত আমীর লোকমান হোসেনের শপথ গ্রহণ ,সততা, নিষ্ঠা ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ
মোঃ আবুল কাশেম সরকার, মেঘনা (কুমিল্লা)
কুমিল্লার মেঘনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নবনির্বাচিত উপজেলা আমীর লোকমান হোসেনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া।
অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর লোকমান হোসেনকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করানো হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান মিয়াজী, মাওলানা সগীর হোসেন, মাস্টার আবদুল আজিজ, মাওলানা ওবায়দুল হক, ডা. ইসমাঈল প্রধান, মাওলানা আবদুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর সরকার বলেন, সংগঠনের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বশীলদের এসব নীতি অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে মেঘনা উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।