
‘জনগণের সেবা নিশ্চিত করুন, আপনাকে দুলাভাইয়ের মর্যাদা দেব’—পৌর কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী রাজিব আহসান
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
‘আপনি জনগণকে প্রকৃত সেবাটা দিন, আমি আপনাকে দুলাভাইয়ের মতো মর্যাদা দেব।’ মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য রাজিব আহসান।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর ভবনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় পৌরবাসীকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ, নাগরিক সনদ প্রদান, পৌরকর আদায়, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুপেয় পানি সরবরাহ, পানি নিষ্কাশন ব্যবস্থাসহ পৌরসভার প্রতিটি নাগরিক সেবামূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো সেবার ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হচ্ছে জনগণের সেবক হিসেবে কাজ করা। নিয়মের মধ্যে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে। যারা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা দেবেন, তাদের যথাযথ সম্মান, ভালোবাসা ও মর্যাদা দেওয়া হবে। এ সময় তিনি রসিকতার ছলে দায়িত্বশীল কর্মকর্তাদের দুলাভাইয়ের মতো মর্যাদা দেওয়ার কথাও উল্লেখ করেন।
মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এতে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রিয়াজুর রহমান।
মতবিনিময় সভায় পৌরসভার বিগত দুই থেকে তিন অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব, রাজস্ব আদায় ও ব্যয় ব্যবস্থাপনাসহ সামগ্রিক আর্থিক কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে গৃহীত ও পরিকল্পনাধীন বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং পৌরসভার জন্য স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন, বিএনপি উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পৌরসভার চলমান সমস্যা, নাগরিক সেবার প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় প্রতিমন্ত্রী পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।