বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’ নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ গাছায় পূর্বশত্রুতার জেরে মুরগির ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ পাবনার দুর্গম চরাঞ্চলের পতিত জমিতে শসা চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা আমার ৫ বছরের বেতন জনগনকে বিলিয়ে দেব -হাজী সাজুল মিয়া  চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা কবিতা/অহংকার / লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাইবান্ধায় জলবায়ু অভিযোজন বিষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় মতবিনিময়

গাছায় পূর্বশত্রুতার জেরে মুরগির ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬



গাছায় পূর্বশত্রুতার জেরে মুরগির ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ। ৯৬টি মুরগি পুড়ে ছাই, খাদ্য ও ওষুধসহ প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি; প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ।

 এমদাদুল হক

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ওঝারপাড়া এলাকায় পূর্ববিরোধ ও শত্রুতার জেরে একটি মুরগির ফার্মে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে ফার্মে থাকা ১০০টি মুরগির মধ্যে ৯৬টি মুরগি আগুনে পুড়ে মারা গেছে। একই সঙ্গে মুরগির খাদ্য ও ওষুধসহ পুড়ে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ মালামাল। সব মিলিয়ে প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফার্মের মালিক মোঃ ওমর আলী।

এ ঘটনায় একই এলাকার কয়েকজনসহ মোট আটজনকে অভিযুক্ত করে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওমর আলী। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ আব্দুল হামিদ, মোঃ আসান উল্লাহ, মোঃ রাশেদ, মোঃ নাদিম, মোঃ আলী মোল্লাহ, মোঃ রুবেল, মোঃ সোলেহ ও মোঃ জুয়েল।

অভিযোগ সূত্রে জানা যায়, ওমর আলীর বসতবাড়ির পাশেই অভিযুক্তদের বসতবাড়ি। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে জমে থাকা বিরোধের জেরে বিভিন্ন সময়ে তাকে নানাভাবে হয়রানি ও ক্ষতিসাধনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে গাছা থানায় ১৮ নম্বর মামলা দায়ের করেন ওমর আলী। গত ১১ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৪/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারার উল্লেখ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, ওই মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা তার সঙ্গে আরও বেশি বিরোধে জড়িয়ে পড়ে এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালিয়ে আসছিল।

অভিযোগে বলা হয়, ওঝারপাড়া এলাকার মদিনা মসজিদসংলগ্ন বসতবাড়ি থেকে প্রায় ৫০ গজ পূর্ব পাশে চার বছর ধরে একটি মুরগির ফার্ম পরিচালনা করে আসছেন ওমর আলী। প্রতিদিনের মতো গত ১৫ নভেম্বর বিকেল ৫টার দিকে তিনি ফার্মের মুরগিগুলোর পরিচর্যা করেন। পরে সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ফার্মটি তালাবদ্ধ করে পাশের নিজের বাড়িতে চলে যান।

কিন্তু রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ফার্মের ভেতর থেকে মুরগির চিৎকার ও অস্বাভাবিক শব্দ শুনতে পান তিনি। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘর থেকে দৌড়ে ফার্মের কাছে গিয়ে বৈদ্যুতিক আলোর মধ্যে আগুন জ্বলতে দেখতে পান।

ওমর আলীর অভিযোগ, এ সময় তিনি আব্দুল হামিদ, আসান উল্লাহ ও নাদিমকে ফার্মের উত্তর-পূর্ব কোণে আগুন দিতে দেখেন। অন্য অভিযুক্তরাও ঘটনাস্থলের পাশে অবস্থান করছিল বলে দাবি করেন তিনি। তাকে দেখতে পেয়ে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। আগুন নেভানোর পর ফার্মের ভেতরে প্রবেশ করে দেখা যায়, সেখানে থাকা ১০০টি মুরগির মধ্যে ৯৬টিই পুড়ে মারা গেছে। এতে আনুমানিক ২৫ হাজার টাকার মুরগি এবং প্রায় ৬৫ হাজার টাকার মুরগির খাদ্য ও ওষুধসহ অন্যান্য মালামাল পুড়ে নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ফার্মের মালিক।

চার বছরের পরিশ্রমে গড়ে তোলা ছোট ব্যবসা মুহূর্তেই আগুনে বিপর্যস্ত হয়ে পড়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওমর আলী। তার অভিযোগ, পূর্বের মামলার জের ধরেই প্রতিপক্ষরা তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বনটিতে আগুন দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে।

ভুক্তভোগী আরও জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে অবশেষে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসার ন্যায়বিচার দাবি করেছেন।

এলাকাবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী। তার অভিযোগ, অভিযুক্তদের ভয়ে এলাকার অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এখন এলাকাবাসী ও ভুক্তভোগীর প্রশ্ন—একজন সাধারণ ব্যবসায়ী যদি নিজের বসতবাড়ির পাশের ফার্মেও নিরাপদে ব্যবসা পরিচালনা করতে না পারেন, তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করবে কে? পূর্ববিরোধের জেরে জীবিকার ওপর এমন হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews