বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতির পর খাগড়াছড়ি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬



দীর্ঘ বিরতির পর খাগড়াছড়ি সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) 
দীর্ঘ বিরতির পর খাগড়াছড়ির দীঘিনালা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, কাঁটাতারের বেড়া অপসারণ এবং আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৮-এর কাছাকাছি দুই দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পিয়ুশ কুমার। এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোম্পানি কমান্ডার ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দৃঢ় অবস্থান তুলে ধরা হয়। সীমান্ত অতিক্রম করে কোনো দেশের নাগরিক অন্য দেশে প্রবেশ করলে তাকে আটক করে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়। পাশাপাশি রাতের আঁধারে দুর্গম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে লোক পাঠানোর বিষয়েও সতর্ক করা হয়।
বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে রাস্তা বা অন্য কোনো স্থাপনা নির্মাণ না করার বিষয়টিও উত্থাপন করে বিজিবি। এ ধরনের নির্মাণকাজ প্রচলিত সীমান্ত বিধিবিধানের পরিপন্থী বলে জানানো হয়। জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার বিষয়ে আশ্বস্ত করেন।
এদিকে, বাবুছড়া ব্যাটালিয়নের সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বিজিবি জানায়, কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৫-এর ৫-এস অংশ উন্মুক্ত করা হয়েছে এবং আগে দখলে থাকা বেশ কিছু ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে বিএসএফের নির্মিত কাঁটাতারের বেড়ার একটি অংশ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট অংশ অপসারণের বিষয়ে বিএসএফ কমান্ড্যান্ট জানান, বর্ষা মৌসুমে শ্রমিক সংকটের কারণে কাজটি শেষ করা সম্ভব হয়নি। তবে চলমান শুষ্ক মৌসুমে দ্রুত অবশিষ্ট অংশ অপসারণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে একমত হন। সীমান্তসংক্রান্ত বিরোধ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনার মাধ্যমে এবং প্রয়োজনে সরেজমিন বৈঠকের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বিজিবির মতে, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ বৈঠক দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সুসম্পর্ক জোরদারের পাশাপাশি সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews