
পাবনায় মামলা তুলে নিতে বাদির পরিবারকে হত্যার হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ
কাজী বাবলা,পাবনা
পাবনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে জামিনেমুক্ত আসামীরা হত্যার হুমকি দিয়েছে এবং বাদির বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিরাপত্তা ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ বাবু প্রামানিক (৩৮)। অভিযোগ সূত্রে জানা যায়, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা মোঃ বাবু প্রামানিক গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) ধারায় একটি মামলা দায়ের করেন (এফ.আই.আর নং-১৪, জিআর নং-১৪)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলার পর চাটমোহর থানা পুলিশ ১ নম্বর আসামি মোঃ স্বপন (১৬)-কে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। তবে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আসামি স্বপন এবং তার আত্মীয়-স্বজন—সহ-আসামি মোঃ সোহেল প্রাং (৩২) ও মোঃ আশরাফুল প্রাং (৩৫) সহ অন্যান্যরা বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ ও হুমকি দিয়ে আসছিল। এতে নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী পরিবার চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩০৫, তারিখ: ০৫/০৯/২০২৫) করেন।
জিডি করার পরও আসামিরা ক্ষিপ্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৪-৫ জন অজ্ঞাতপরিচয় লোকসহ বাবু প্রামানিকের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজসহ ঘরবাড়ির আসবাবপত্র ভাঙচুর চালানো হয়। মামলা তুলে না নিলে যেকোনো সময় সুযোগ বুঝে বাদী বা তার পরিবারের সদস্যদের খুন-জখম করা হবে বলে চরম হুমকি দেওয়া হয়। বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। যেকোনো সময় তাদের জীবন ও মালামালের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে ভুক্তভোগী বাবু প্রামানিক জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদনের মাধ্যমে ঘটনাটি দ্রুত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।