
মোগরাপাড়া চৌরাস্তায় ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
আনিসুর রহমান সোনারগাঁ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সওজের জায়গা দীর্ঘদিন ধরে দখল করে বিভিন্ন ধরনের টংঘর ও দোকানপাট গড়ে তোলা হয়েছিল। এসব জায়গা স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে। অবৈধ এসব স্থাপনার কারণে মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, সওজের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল। দীর্ঘদিন ধরে দখলদাররা এসব স্থাপনা ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তিনি বলেন, বৃহস্পতিবারের অভিযানে মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা ফলের দোকানসহ ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, অবৈধ দোকানপাট উচ্ছেদ করায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকার সড়কের জায়গা অনেকটাই উন্মুক্ত হয়েছে। এতে যান চলাচল স্বাভাবিক হওয়া এবং দীর্ঘদিনের যানজট কমার প্রত্যাশা করছেন তারা।