
ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
সোহেল সাব্বির, ফেনী
ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেনী মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন, এসআই মোনেম শাহরিয়া চৌধুরী, এএসআই অনুপ কুমার বিশ্বাসসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার মমতাজুল হক চৌধুরী ম্যানসনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে আকবর হোসেন সানি চৌধুরী (২৭) ও খোরশেদ আলম (৩৬) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আসামি সোহেল প্রকাশ কালু (৪০) ও রহমান হোসেন (৪৫)-এর সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে এসব মাদক সংগ্রহ করা হয়েছিল। পলাতক দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ফেনী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।