
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় কালিহাতী সদর এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কমিটির সভাপতি মুফতি মিজানুর রহমান বাইজি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল এবং কালিহাতী এতিমখানার সভাপতি ও ডিজিল্যাব টাঙ্গাইলের নির্বাহী পরিচালক ফারুক হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জায়েদ হাবিব, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ইকরা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনসুর আলী, জামায়াত নেতা বাকীবিল্লাহ, সাংবাদিক এম.এম. হেলাল বাদশা, আনিসুর রহমান শেলী ও শরিফুল ইসলাম শিপলু।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন,
“রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও জোরদার করা সময়ের দাবি।”
সভাপতির বক্তব্য
সভাপতির বক্তব্যে মুফতি মিজানুর রহমান বাইজি বলেন,
“ইসলামের শিক্ষা মানুষকে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবসেবার পথে পরিচালিত করে। রমজানের এই পবিত্র সময়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। খেলাফত মজলিস মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।