
বরিশালের মেহেন্দিগঞ্জে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে মেহেন্দিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান (এমপি) আজ বাদ জোহর ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের ২ নং সিন্নিরচর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলী বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মানিত আহ্বায়ক জনাব গিয়াস উদ্দিন ডিপেন, সালাউদ্দিন পিপলু এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, কারিগরি শিক্ষার প্রসার ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি চালু হলে মেহেন্দিগঞ্জের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।