
আন্তর্জাতিক নিউজ ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে একটি চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।
দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, ‘মেডিক্যাল ইভাকুয়েশন’ ফ্লাইট পরিচালনাকারী একটি বিচক্রাফট সি-৯০ উড়োজাহাজ সোমবার ঝাড়খণ্ডের কাসারিয়া এলাকায় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর পরই উদ্ধার ও চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থল দুর্গম বনাঞ্চলের ভেতরে হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন ছিল।স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কীর্তিশ্রী জি সাংবাদিকদের বলেন, চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে সাতজনকেই মৃত ঘোষণা করে। নিহতদের মধ্যে দুজন ক্রু সদস্য রয়েছে।
ডিজিসিএ জানায়, রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত উড়োজাহাজটি খারাপ আবহাওয়ার কারণে রুট পরিবর্তনের অনুমতি চেয়েছিল। উড্ডয়নের ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর একটি দল ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বিমান দুর্ঘটনায় এক রাজনৈতিক নেতাসহ পাঁচজন নিহত হন। তাদের বহনকারী চার্টার্ড বিমানটি বারামতি শহরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।
সূত্র: মুম্বাই থেকে এএফপি এ খবর জানিয়েছে ।