
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নালা খননের সময় মর্টার শেল এর একটি অংশ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গানগর গ্রামের কৃষক সহিদ মিয়া নালা খননের কাজ করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে—এমন আশঙ্কায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ সেটিকে উদ্বার করে।
ঘটনার পরপর মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্দেহজনক বস্তুটি যেখানে পাওয়া গেছে, সেই স্থানটি চিহ্নিত করে ঘিরে রাখা হয়েছে। বিষয়টি সিলেট বোমা নিষ্ক্রিয়করণ টিমকে জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বোমা নিষ্ক্রিয়করণ দল না আসা পর্যন্ত শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করবে বলে জানা গেছে এ ঘটনায় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, আজ সকালে অই এলাকার এক লোক একটি ড্রেন খনন করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে সেই গ্রামের সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত কর্মকর্তা সেখানে গিয়ে নাড়াচাড়া করে বুঝতে পারে যে এটি মর্টার শেল এর অংশ৷ পরে তিনি পুলিশকে খবর দেন। আমরা ঘটনা শুনার পর সেখানে পরিদর্শন করেছি। আমাদের পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সেখানে আসছে। তারা এটি পরিক্ষা নিরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা নিবে।