খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট, দীঘিনালা উপজেলা দলের ব্যতিক্রমী উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের স্বেচ্ছাসেবকরা প্রথমে দীঘিনালার হলুদ চত্বরে জড়ো হন। সেখান থেকে একটি বিশাল জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে বিডি ক্লিনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই সঙ্গে প্রভাত ফেরীতে অংশ নেন।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছে স্বেচ্ছাসেবকরা পতাকাটি চারদিক থেকে আবৃত করে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নীরবতা শেষে সবাই মিলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে নিজেদের হাতে তৈরি পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় সংগঠনটির দলনেতা জাকির হোসেন বলেন, “প্রতিবছর আমরা স্বেচ্ছাসেবকরা সবাই মিলে পুষ্পস্তবক নিজের হাতে তৈরি করি। আমরা মনে করি, নিজের হাতে তৈরি ফুলের স্তবক শহীদদের ত্যাগ হৃদয়ে ধারণ করতে আমাদের বেশি অনুপ্রাণিত করে।”
সংগঠনটির সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে জাগ্রত রাখে। তরুণ স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ব্যতিক্রমী এ আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি ভাবগম্ভীর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।