
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ভৈরবদী এলাকায় ওয়াজ মাহফিলে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে হানিফা ওরফে নয়ন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ভৈরবদী এলাকার মৃত মোশারফের পুত্র। ছুরিকাঘাতের ঘটনাটি শনিবার দিবাগত রাতে ঘটলে রোববার (২৫ জানুয়ারী) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়।
এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাশ^বর্তী পশ্চিম আতাদী ওয়াসা লাইনের পাশে শনিবার রাতে একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দোকানপাট বসে। সেখানে পশ্চিম আতাদী গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার পুত্র এমরান মোল্লা ঝালমুড়ি বিক্রি করছিলেন। নয়ন ও তার এক বন্ধু কিছুটা হাবা টাইপের ঝালমুড়ি বিক্রেতা এমরান মোল্লাকে ক্ষেপানোর জন্য ঠাট্টা করছিল। এতে এমরান মোল্লা ক্ষিপ্ত হয়ে তার ঝালমুড়ি বিক্রিতে ব্যবহৃত পেয়াজ মরিচ কাটার ছুরি দিয়ে নয়নকে আঘাত করে। এতে নয়ন গুরুতর আহত হলে তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু তার অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টায় নয়নের মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।