মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

পাহাড়েরও কান আছে

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বাটালি হিলের চূড়ায় দাঁড়িয়ে যখন সকালটা ধীরে ধীরে প্রসারিত হয়, তখন মনে হয় যেন চট্টগ্রামের বুকে এক নীরব পাহারাদার জেগে আছে। বাতাসে ভাসমান শব্দেরা পাহাড়ের গায়ে গা ঘেঁষে বয়ে যায়। এখানে দাঁড়ালে মনে হয় – পাহাড় শুধু দেখেই না, শুনেও ফেলে।
আজকের সকালটা একটু ভিন্ন ছিল। শরীর ক্লান্ত, কিন্তু মন চাইল হাঁটতে। নিয়মিত হাঁটার অভ্যাস বলে কথা! তাই শতায়ু অঙ্গনের দিকে পা বাড়ালাম। পাহাড়ের উঁচুতে ওঠার পর শরীরটা একটু হালকা লাগল। পরিচিত মুখেরা হেসে শুভ সকাল জানালেন।
দুইজন পুরনো বন্ধু, দু’জনেই শিক্ষাবিদ, নাম দুটোও এক – জসিম। তাঁরা আমাকে দেখে মুচকি হেসে বললেন,
— “কামাল ভাই, আজ একটা মজার লেখা লিখবেন। পাহাড়ের কান নিয়েই লেখেন!”
আমি হেসে বললাম,
— “পাহাড়ের কান! পাহাড়েরও কান থাকতে পারে? দেওয়ালের কান শোনা ছিল, আজ দেখি পাহাড়ও শোনে!”
কথা গড়িয়ে যায়, হাস্যরস জমে। কিন্তু ভেবে দেখলাম, কথাটা খুব সহজে উড়িয়ে দেওয়া যায় না। পাহাড়ের গায়ে যে বাতাস লাগে, সে বাতাসই তো আমাদের কথা অন্য কোথাও নিয়ে যায়। পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা বাংলোগুলো যেন চোখে চোখে রাখে চট্টগ্রাম শহরকে।
ডিআইজি বাংলো, অতিরিক্ত পুলিশ সুপারের বাসা, গণপূর্ত বিভাগের বড় কর্মকর্তাদের বাংলো – সবই পাহাড়ের কাঁধে গাঁথা। তাদের জানালার ফাঁক দিয়ে হয়তো আমাদের কথার প্রতিধ্বনি ফিরে আসে। আগে বলা হতো “দেওয়ালেরও কান আছে”, এখন সেই দেয়াল যেন পাহাড়ের রূপ নিয়েছে। কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কথা বললে, সেই কথা হয়তো নিচে কেউ শুনছে। পাহাড়ের নিচেই তো আছে অসংখ্য কান – মানুষ, বাড়ি, জানালা আর বাতাস।
গোপন কথা কি আর গোপন থাকে? বাতাস যে কথা বহন করে, তা পাহাড়ের গায়ে লেগে থাকে, তারপর কারো না কারো কানে গিয়ে পৌঁছায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে এই কথাগুলো ভাবতে ভাবতে মনে হলো – সত্যিই, আমরা যাদের উপর ভরসা করি, যাদের সামনে গোপন কথা বলি, তাদের মধ্যেই কেউ কেউ পাহাড়ের কান হয়ে যায়। সেই কান একদিন আমাদের কথাগুলো বাতাসে ছেড়ে দেয়। পাহাড়ে বাস করা মানুষগুলোও তো বাতাস শোনে।
কল্পনার খেলা তো এমনই – পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয়, পাহাড় শুধু ভূমি নয়, সে এক জীবন্ত সত্তা। পাহাড়ের কানে বাতাস কথা বলে, ঝরা পাতারা ফিসফিসিয়ে কিছু জানিয়ে যায়। ভোরের আলোয় যখন আমরা সেখানে হাঁটি, তখন পাহাড়ের কান জেগে ওঠে।
আমরা যখন বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে কথার ফাঁকে কোনো সত্য বা গোপন কথা বলে ফেলি, তখন হয়তো পাহাড়ের কানে তা পৌঁছায়। তারপর সেই কান হয়ে যায় আমাদের আশেপাশের কেউ, যারা সেই কথাটা পাহাড়ের গা বেয়ে শহরের নিচে ছড়িয়ে দেয়।
বাটালি হিলের সবুজ পথের মাঝে হেঁটে এই কথাগুলো মনে হতে থাকে। চারপাশে নীরবতা, কিন্তু নীরবতাও কি এক ধরনের কান নয়? আমরা বলি, পাহাড়ের কান নেই, কিন্তু তার আত্মা আছে।
পাহাড়ের প্রতিটা পাথর, প্রতিটা বৃক্ষ আর প্রতিটা পাখি যেন একেকটা কান হয়ে আমাদের প্রতিদিনের গল্প শুনে যায়। সেই গল্প হয়তো পাহাড় তার গভীরে লুকিয়ে রাখে, আবার কোনো একদিন বাতাস হয়ে শহরের অন্য প্রান্তে নিয়ে যায়। তাই, সাবধান হওয়া ভালো। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে বলার মতো কথাগুলো যেন বাতাসের পাখায় ভর করে দূরে না চলে যায়। কারণ পাহাড়ের কান যে সবসময়ই খোলা থাকে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews