
গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার
মির্জা গোলাম হাফিজ,গাইবান্ধা
গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তরুণ নিয়ন হুদার (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দীর্ঘ প্রচেষ্টায় নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন নিয়ন। দুপুরে ঘাঘট নদীতে গোসল করতে নেমে পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তীতে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ ডুবুরি দল ঘাঘট নদীর বিভিন্ন পয়েন্টে টানা তিন দিন উদ্ধার অভিযান পরিচালনা করে। অবশেষে আজ শনিবার নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিখোঁজের সংবাদ পাওয়ার পর থেকেই ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল। দীর্ঘ চেষ্টা শেষে আজ তরুণের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিয়ন হুদার মর্মান্তিক এই মৃত্যুতে তাঁর পরিবার ও কাজলডোপ এলাকার স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।