
৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী
মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা
দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা খরচ করে সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হলেও সাধারণ মানুষ তার সুফল থেকে বঞ্চিত হওয়ার এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি হয়েছে গাইবান্ধা জেলায়। জেলা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু গত দুই বছর ধরে সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেতুর নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় তা কোনো কাজেই আসছে না। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝূঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের শেষ দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ রোডের নিউ ব্রিজ (নতুন ব্রিজ) এলাকা এবং গাইবান্ধা-বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী ২০২৪ সালের জুনের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল এবং কাজও যথাসময়ে সম্পন্ন হয়েছে। কিন্তু সেতু দুটি উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ বা মাটি ভরাটের কাজ সময়মতো সম্পন্ন না করায় গত দুই বছর ধরে সেতুগুলো মূর্তমানের মতো দাঁড়িয়ে আছে।
ভুক্তভোগী স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, দুই বছর আগে সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় আমরা এর সুফল পাচ্ছি না। উল্টো বিকল্প রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত তীব্র যানজট ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে সচেতন মহলের দাবি, অবিলম্বে আইনি বা প্রশাসনিক জটিলতা এবং জমির মালিকানা সংক্রান্ত বিরোধ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করে সংযোগ সড়কের বাকি কাজ সম্পন্ন করতে হবে। দ্রুত সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন গাইবান্ধাবাসী।