
নয়াপুর বাজারে আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের
আনিসুর রহমান , সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজার ও আশপাশের এলাকার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আন্ডারপাসের পরিবর্তে একটি সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া ও এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন মাহমুদ।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) আসরের নামাজের পর নয়াপুর বাজার এলাকায় স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তাঁরা এ দাবি জানান। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে তুহিন মাহমুদ বলেন, নয়াপুর বাজার ও আশপাশের এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, ব্যবসায়ী ও পথচারী চলাচল করেন। এ কারণে জননিরাপত্তা নিশ্চিত করা, যানজট কমানো এবং নির্বিঘ্নে চলাচলের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তাই আন্ডারপাস নির্মাণের পরিবর্তে এলাকার বাস্তব পরিস্থিতি, জনসাধারণের সুবিধা ও ভবিষ্যতের যোগাযোগব্যবস্থার চাহিদা বিবেচনায় নিয়ে একটি সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খন্দকার পনির, মো. ইয়ানুর, জামান শিকদার, মাসুদ রানা মামুন, ড. মিজানুর রহমানসহ এনসিপির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিরাপদ নয়াপুর, উন্নত নয়াপুর, সমৃদ্ধ নয়াপুর এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা আন্ডারপাসের পরিবর্তে ফ্লাইওভার নির্মাণের দাবি পুনর্ব্যক্ত করেন। তাঁদের প্রত্যাশা, জনসাধারণের নিরাপত্তা, যানজট নিরসন ও সার্বিক জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।