বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

কারিগরি দক্ষতাই চাবিকাঠি, নিরাপদ অভিবাসনে দুর হয় আঁধার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬



কারিগরি দক্ষতাই চাবিকাঠি, নিরাপদ অভিবাসনে দুর হয় আঁধার

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার

সুষ্ঠু ও নিরাপদ অভিবাসনের মূল শর্ত হলো নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জন করা, ন্যূনতম ভাষা জানা এবং কর্মসংস্থানের সুনির্দিষ্ট নিশ্চয়তা নিয়ে বিদেশ যাওয়া। কিন্তু বাস্তবে দেখা যায়, প্রয়োজনীয় দক্ষতা ও কাজের নিশ্চয়তা ছাড়াই অনেকে মধ্যস্বত্বভোগীদের প্রলোভনে পড়ে বিপুল অর্থ ও ডকুমেন্ট ছাড়া লেনদেন করে অনাকাঙ্ক্ষিত অনিশ্চয়তার মুখে পড়েন।
এই সংকট উত্তরণে আমাদের বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমত, বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার সময় সুনির্দিষ্ট কর্মদক্ষতা অর্জনের সনদ দাখিল বাধ্যতামূলক করতে হবে। দ্বিতীয়ত, অনলাইন ক্লিয়ারেন্স সনদের সাথেই তাদের কর্মসংস্থান চুক্তিপত্রসংযুক্ত রাখাও বাধ্যতামূলক করতে হবে। এতে করে পরবর্তীতে কোনো কর্মী বিদেশে প্রতারণা বা সমস্যার শিকার হলে সেই চুক্তির আলোকেই আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
কক্সবাজারে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর সচেতনতামূলক কার্যক্রমের মধ্যে সুষম সমন্বয় থাকা প্রয়োজন, যাতে কোনো নির্দিষ্ট উপজেলায় কাজের পুনরাবৃত্তি না ঘটে এবং কোনো এলাকা বাদ না পড়ে। একই সাথে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের নেতৃত্বে বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের তালিকা বা ডাটাবেজ তৈরি করে তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণের আওতায় আনা দরকার।
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী নিয়োগের সুযোগ সামনে এলে না বুঝে অনুমোদনহীন ব্যক্তিদের হাতে টাকা বা পাসপোর্ট তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। সরকারি চূড়ান্ত নির্দেশনার বাইরে গিয়ে যেন কেউ আর্থিক লেনদেন না করেন, সে বিষয়ে ব্যাপক প্রচার চালানো উচিত। এছাড়া, প্রবাসীরা যাতে তাঁদের কষ্টার্জিত উপার্জনের বড় একটি অংশ পরিবারের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন, সে সচেতনতা তৈরি করাও অত্যন্ত জরুরি, যাতে দেশে ফিরে তাঁদের নিঃস্ব হতে না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews