
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত
শ্রমিকদের মর্যাদা, অধিকার এবং ন্যায্য হিস্যা নিশ্চিত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর সম্মেলন ও সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের উপযুক্ত কর্মপরিবেশ, সঠিক মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। শ্রমিকের ন্যায্য পাওনা ও মর্যাদা রক্ষায় সরকার সব সময় পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
সম্মেলনে বক্তারা শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, শ্রমিকের ঘামে অর্জিত অর্থনৈতিক উন্নয়ন যেন কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। মালিক ও শ্রমিকের সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি প্রতিটি শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে বিলসসহ সংশ্লিষ্ট সব সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্মেলন ও সাধারণ সভায় বিলসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিক প্রতিনিধি এবং বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতের জাতীয় উন্নয়ন ও শ্রমিক অধিকার রক্ষার কৌশল নির্ধারণে নানা দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।