
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
মামুন বিল্লাহ, কালীগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বাবা-মায়ের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে একটি মৃত্যু বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোস্তাকিন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও ভ্যানচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌমুহনী-কালিকাপুর সড়কের তালতলা হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন উপজেলার কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাকিন বাবা-মায়ের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে কোমরপুরে নানার বাড়ি থেকে একটি মৃত্যু বাড়িতে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে শিশুটি ছিটকে পড়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির বাবা-মা ও ভ্যানচালক আহত হন।
ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।