
ভুয়া এনআইডিসহ ৮ মায়ানমার নাগরিক আটক।
মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলা লাগোয়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে বাংলাদেশি দাবি করে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ প্রদর্শন করেন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে বিজিবির রেজুপাড়া বিওপি এবং পুলিশের একটি যৌথ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) ও মংতা নাইং (২০)। তারা সবাই মিয়ানমারের মংডু ঢেকিবুনিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি জানায়, আটকের পর মংবা তংচংগা নিজেকে বাংলাদেশি নাগরিক দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ উপস্থাপন করেন। তবে যাচাই-বাছাই শেষে ওই কাগজপত্রের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় আটক আট মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত প্রহরায় নয়, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সীমান্তকেন্দ্রিক সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।