হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার !
মোহাম্মদ সোলাইমান,চট্টগ্রাম :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় ত্রাস সৃষ্টি ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকায় করিম মেম্বারের বাড়ির সামনে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় অবস্থান করে পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। এ সময় তারা ছিনতাইয়ের চেষ্টাও করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে দুটি ছুরি, দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল এবং একটি খেলনা রিভলবার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— আরিফুল হক বাদশা (১৯), মো. হাসান মুরাদ (২০), ফয়সাল ইসলাম জিহাদ (১৯) এবং মো. ওয়াহিদুজ্জামান রাকিব (১৯)। এ ঘটনায় মোহাম্মদ জসিম (৪০) বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন-২০২৪) আইনের ৪/৫ ধারায় রুজু করা হয়েছে। হাটহাজারী মডেল থানা জানায়, গ্রেপ্তার চারজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।# হাটহাজারী চট্টগ্রাম