
কুষ্টিয়া মেডিকেল কলেজের জায়গা দখলের চেষ্টা, পুলিশের অভিযানে উচ্ছেদ!
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের মহাসড়কসংলগ্ন খালি জায়গা দখলের চেষ্টা চালিয়েছে একদল দখলবাজ। সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প মেডিকেল কলেজ এলাকা থেকে সরিয়ে নেওয়ার পরপরই এই দখলচেষ্টার ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের অন্ধকারে কয়েকজন ব্যক্তি বাঁশ ও খুঁটি পুঁতে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থাকা সরকারি খালি জায়গা ঘিরে ফেলার চেষ্টা করে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের নজরে এলে তারা প্রশাসনকে অবহিত করেন।খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে দখলচেষ্টার অংশ হিসেবে স্থাপন করা বাঁশ ও অন্যান্য সামগ্রী সরিয়ে জায়গাটি দখলমুক্ত করে পুলিশ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রভাবশালী মহল সরকারি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশের জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। সেনাবাহিনীর ক্যাম্প সরিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র রাতারাতি জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা করেছে।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সরকারি জমি দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।এদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে দখলচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তারা সরকারি সম্পত্তি রক্ষা এবং দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি ও স্থাপনা রক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ দখলচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।