
মৌলভীবাজার বড়লেখায় স্বাস্থ্য বিভাগে তোলপাড়—পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, জনপ্রিয় চিকিৎসকের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন” মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার বিরুদ্ধে অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন মাঠপর্যায়ের কর্মচারীরা।
এ ঘটনায় ক্ষুব্ধ কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, কর্মকর্তা সীমা সিদ্দিকা কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এবং কর্মপরিবেশ অস্থিতিশীল করে তোলার অভিযোগ রয়েছে। এদিকে সুজানগর ইউনিয়নে কর্মরত দরিদ্র মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত চিকিৎসক ডা. মো. নজরুল ইসলামের আকস্মিক বদলি আদেশকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে স্থানীয় জনসাধারণ।শনিবার দুপুরে সুজানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ডা. নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় নিরলসভাবে কাজ করে আসছেন। এমন একজন জনপ্রিয় চিকিৎসককে হঠাৎ করে বদলি করা হলে এলাকার সাধারণ মানুষ মারাত্মকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন তারা।এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।